নির্বাচন ঘিরে সীমান্তজুড়ে কঠোর নজরদারিতে বিজিবি

স্টাফ রিপোর্টার
ফেনীর দাগনভূঞায় ৪ বিজিবির সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন। ছবি: সংগৃহীত
ফেনীর দাগনভূঞায় ৪ বিজিবির সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তজুড়ে কঠোর নজরদারিতে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অস্ত্র, চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে সীমান্ত এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করস্থ ৪ বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন।

তিনি বলেন, কুমিল্লা সেক্টর সদর দপ্তরের অধীনে থাকা সব ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণে কাজ করছে।

বিজিবি কুমিল্লা সেক্টরের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী—এই ছয় জেলার ৫৩টি উপজেলায় অবস্থিত ৩৪টি সংসদীয় আসনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিশেষ দায়িত্ব পালন করবে বিজিবি।

ফেনী জেলার সীমান্তবর্তী তিনটি উপজেলায় সেনাবাহিনী ছাড়াই এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। পাশাপাশি সীমান্তবর্তী নয়টি উপজেলাসহ আরও ৪১টি উপজেলায় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ‘মোবাইল স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবে বাহিনীটি।

পরিকল্পনা অনুযায়ী, কুমিল্লা সেক্টরের অধীনে বিভিন্ন ব্যাটালিয়নের আওতায় আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে মোট ১০২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। মোতায়েনকৃত সদস্যরা স্থানীয় প্রশাসনের সহায়তায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।

এছাড়া সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লা সেক্টরের আওতাধীন ৩২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় অস্ত্র-গোলাবারুদ, মাদকদ্রব্য চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান লে. কর্নেল মোশারফ হোসেন।

প্রেস ব্রিফিংয়ে ৪ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত