নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন। তিনি বলেন, একজন তরুণ জাতীয়তাবাদী নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যার সুষ্ঠু বিচার হওয়া জরুরি।
মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের পৌরণবিবি বাজারে পৌরণবিবি-মুনসির হাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্যাহ বুলু বলেন, যারা ওসমান হাদিকে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে তিনি খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, অতীতে নিয়মিত খাল খনন অব্যাহত থাকলে কৃষি, মৎস্য এবং যোগাযোগ ব্যবস্থায় দেশ আরও এগিয়ে যেতে পারত। তিনি দাবি করেন, নতুন করে খাল খনন কার্যক্রম চালুর ফলে এসব খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বিভিন্ন দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।