দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সরকার যেকোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৬ মে) রাজধানীতে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার’ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি মনিটরিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীত সরকারের দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও তৎপর রয়েছে।
তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের সেন্ট্রাল মনিটরিং সেল সবসময় সক্রিয় থাকলেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের সাত দিন আগে থেকে সাত দিন পর পর্যন্ত সেটিকে আরও শক্তিশালী করা হয়েছে। দেশের মহাসড়ক, পশুর হাট, যমুনা ও পদ্মা সেতুসহ এক্সপ্রেসওয়েগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হয়েছে।
মন্ত্রী বলেন, যেসব এলাকায় সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে দায়িত্ব পালন নিশ্চিত করা হচ্ছে।
সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অধিকাংশ দুর্ঘটনা অসচেতনতা ও ব্যক্তিগত গাফিলতির কারণে ঘটছে। নওগাঁর লোহার রডবাহী ট্রাক দুর্ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি ঝুঁকিপূর্ণ যাত্রা পরিহারের আহ্বান জানান।
পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, অনুমোদিত হাটের বাইরে অবৈধ পশুর হাট বসতে দেওয়া হবে না। জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে।
নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে তিনি বলেন, যৌথ অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্ত্রসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে নিরাপত্তা ও প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
যমুনা সেতুতে টোল আদায়ে দীর্ঘ যানজটের বিষয়ে মন্ত্রী বলেন, ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল অটোমেশন চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হবে।
সাভারে মাদক কারবার ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।