বর্তমান সরকার পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা ব্যারাজও নির্মাণ করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার পদ্মা ব্যারাজ নির্মাণের কাজ শুরু করবে। একইসঙ্গে তিস্তা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নেও সরকার কাজ করবে।
তিনি বলেন, তিস্তা নদী নিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে কর্মসূচি পালন করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বাস্তব উদ্যোগ গ্রহণ ও কার্যকর পরিকল্পনায় বিএনপি ভূমিকা রেখে এসেছে।
পদ্মা ব্যারাজ নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে বিভিন্ন পানি নিয়ন্ত্রণ অবকাঠামোর কারণে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যাচ্ছে। ফলে নদীর নাব্যতা কমছে এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততার প্রভাব বাড়ছে।
তিনি বলেন, পানির প্রবাহ কমে যাওয়ায় পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে ব্যবহার নিশ্চিত করতে ব্যারাজ নির্মাণ প্রয়োজন।
জলবায়ু পরিবর্তনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আবহাওয়ার স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিবর্তন দেখা যাচ্ছে। পরিবেশ সংরক্ষণে গাছ কাটার পরিবর্তে বিকল্প পরিকল্পনার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও পরিবেশগত পরিবর্তনের কারণে দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। বৃক্ষরোপণ, খাল খনন ও পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব না হলেও সচেতনতা ও গবেষণার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। নতুন গবেষণা প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজানুর রহমান।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।