শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: শামা ওবায়েদ

স্টাফ রিপোর্টার
 ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিভিন্ন অন্যায় ও অপরাধ করে বিদেশে অবস্থান করছেন। তিনি বিদেশে বসে কী বলছেন, তা দেশের জন্য কোনোভাবেই প্রাসঙ্গিক নয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার মন্তব্য এবং তাকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছেন। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বিদেশে অবস্থান করছেন। তাই তার বক্তব্য দেশের জন্য কোনো গুরুত্ব বহন করে না।

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ভারত সরকারের সঙ্গে যে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছিল, বর্তমান সরকারও সেই প্রক্রিয়া অব্যাহত রেখেছে। দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক চ্যানেল এবং প্রচলিত আইনগত ও আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করেই তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে।

তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ বা কোনো আসামিকে ফেরত আনার ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল ও আন্তর্জাতিক নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুসরণ করেই তাকে দেশে এনে বিচার করা হবে। বাংলাদেশের জনগণও দেশে সংঘটিত হত্যা, গুম, দুর্নীতি ও অন্যান্য অভিযোগের সুষ্ঠু ও স্বচ্ছ বিচার প্রত্যাশা করে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় বিলম্ব প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এ ধরনের আন্তর্জাতিক প্রক্রিয়ায় সময় লাগে। অন্তর্বর্তী সরকারের সময় উদ্যোগ শুরু হয়েছিল। পরে জাতীয় নির্বাচন ও নতুন সরকার গঠনের পর আবারও প্রক্রিয়াটি সক্রিয় করা হয়েছে। এতে কূটনৈতিক কোনো ঘাটতি নেই বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বিষয়টি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আইনগত কর্তৃপক্ষও এ বিষয়ে কাজ করছে।

ভারতের সহযোগিতা বা সম্ভাব্য আইনি জটিলতা সম্পর্কে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আইনি বিষয়গুলো আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অনুযায়ী কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ঘাটতি নেই।

সম্পর্কিত