সংসদে দুর্নীতির প্রমাণ চাইলেন নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
 ছবি: বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ছবি: বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

অন্তর্বর্তী সরকারের সময় ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ জাতীয় সংসদে উপস্থাপনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একইসঙ্গে তিনি বলেছেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, কারও ‘ছোট ভাই’ হিসেবে নয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে একই অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং নাহিদ ইসলামসহ কয়েকজন তরুণ সংসদ সদস্যকে ‘ছোট ভাই’ বলে উল্লেখ করেন।

এর জবাবে নাহিদ ইসলাম স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, অথচ সেই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এখন সরকারে রয়েছেন। তাই অভিযোগের প্রমাণও তাদেরই দিতে হবে।

তিনি বলেন, “নাহিদ ইসলামের নামে কী দুর্নীতির অভিযোগ উঠেছে, কোথায় আমি দুর্নীতি করেছি—তার প্রমাণ জাতীয় সংসদে দিতে হবে।”

সংসদ সদস্যদের মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তিনি আরও উল্লেখ করেন, “আমার বয়স ২৮ বছর, আজ আমার জন্মদিন। আমি নবীন সদস্য হলেও জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি, কারও ছোট ভাই হিসেবে নয়।”

তার বক্তব্যের সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

সম্পর্কিত