বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য চীনের ১ লাখ ডলার সহায়তা

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীনের রেড ক্রস সোসাইটি।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রয়োজন হলে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের ঢাকায় পাঠাতে প্রস্তুত রয়েছে বেইজিং। এ ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন, কারণ এটি বাংলাদেশের মানুষের জীবন রক্ষার বিষয়।

ইয়াও ওয়েন বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় চীন ও বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। এই সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অগ্রগতির একটি উদাহরণ। বাংলাদেশের মানুষের যতদিন সহায়তা প্রয়োজন হবে, চীন ততদিন সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, কঠিন এই সময়ে বাংলাদেশের মানুষের প্রতি চীনের জনগণ আন্তরিক সমবেদনা প্রকাশ করছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। চীনের এই সংহতি ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সহায়তার অর্থ স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. রফিকুল কবির, কোষাধ্যক্ষ ডা. আবু মোফাখখারুল ইসলাম রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত