মাদক ব্যবসা না ছাড়লে রক্ষা নেই: এ্যানি

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নে আয়োজিত সভায় বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নে আয়োজিত সভায় বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: দৈনিক নতুনচাঁদ

মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন,

মাদক ব্যবসা না ছাড়লে গর্তে পড়ে গেলেও উদ্ধার করার কেউ থাকবে না।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের কুশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এখন কেউ যদি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনার চেষ্টা করে, তাহলে তার কোনো রেহাই হবে না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ মাদক নিয়ন্ত্রণে স্বাধীনভাবে কাজ করবে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক-সংক্রান্ত কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারও তদবিরে প্রশাসনের কার্যক্রমে প্রভাব পড়বে না।

এ্যানি আরও বলেন, প্রশাসনের কাজ প্রশাসনের গতিতে চলবে এবং রাজনীতির কাজ রাজনীতির গতিতে চলবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

নারীদের উন্নয়ন প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, সরকার নারীবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবারের নারী প্রধানদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এ সহায়তা পরিবারের প্রয়োজন মিটিয়ে সঞ্চয়ের সুযোগও তৈরি করছে। তিনি বলেন, একজন মা সচেতন হলে এবং পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত ও সমৃদ্ধ হবে।

সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত