লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এসএসসি পরীক্ষার পঞ্চম দিনে ভিন্ন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন রায়পুর সরকারি মাচ্চেন্টস একাডেমি কেন্দ্রের দ্বিতীয় সেন্টারে এ ভুলটি ঘটে।
মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের লিখিত পরীক্ষায় নির্ধারিত ছিল সেট নম্বর ৩। কিন্তু ওই সেন্টারে ভুলবশত সেট নম্বর ১-এর প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এতে ৭৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়।
ঘটনাটি বুধবার (৬ মে) জানাজানি হলে কুমিল্লা শিক্ষা বোর্ড কেন্দ্র সচিব মোস্তফা ফারুকীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে। তবে এখনো তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়নি, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে তারা বুঝতে পারেন ভুল সেটে পরীক্ষা হয়েছে। তাদের দাবি, সেট ৩-এর তুলনায় সেট ১-এর প্রশ্ন তুলনামূলক সহজ ছিল।
বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ বলেন, এটি দায়িত্বে অবহেলার ফল। তবে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না। ভুল সেট অনুযায়ীই খাতা মূল্যায়ন করা হবে।
কেন্দ্র সচিব মোস্তফা ফারুকী জানান, সিসিটিভি বিষয়ক কাজে ব্যস্ত থাকার সময় ভুলটি ঘটে যায় এবং একজন শিক্ষক প্রশ্নপত্র বিতরণ করেন। তবে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব তারই, সেটি তিনি স্বীকার করেছেন।
শিক্ষা বোর্ড ও উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।