লাহারকান্দিতে বিরোধপূর্ণ জমিতে সেপটিক ট্যাংক নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের রামানন্দী গ্রামে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক সেপটিক ট্যাংক নির্মাণের অভিযোগ উঠেছে আব্দুস সহিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামানন্দী গ্রামের মাসুদ মেম্বার বাড়ি এলাকায় গিয়ে গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা সেপটিক ট্যাংক নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ দেখতে পান।

অভিযুক্ত আব্দুস সহিদ দাবি করেন, তিনি তার বাপ-দাদার সম্পত্তিতে সেপটিক ট্যাংক নির্মাণ করছেন। তবে সাবেক ইউপি সদস্য এ.কে.এম মাসুদের মা পারভীন জাহানারা বেগম মিলন অভিযোগ করে বলেন, বিরোধপূর্ণ জমিটি তার প্রয়াত স্বামী শাহাবুদ্দিনের ক্রয়কৃত সম্পত্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, রামানন্দী গ্রামের মৃত ছিদ্দিক উল্লাহর ছেলে আব্দুস সহিদের সঙ্গে প্রতিবেশী মৃত শাহাবুদ্দিনের ছেলেদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক, হামলা ও মামলার ঘটনাও ঘটেছে।

অভিযোগ রয়েছে, সম্প্রতি চিকিৎসার জন্য শাহাবুদ্দিনের বড় ছেলে ও সাবেক ইউপি সদস্য এ.কে.এম মাসুদ ভারতে অবস্থান করছেন। অপর ছেলে বেলায়েত হোসেন সুফল সরকারি চাকরিতে কর্মরত এবং ছোট ছেলে রুবেল বিদেশে থাকেন। এ সুযোগে আব্দুস সহিদ বিরোধপূর্ণ জমিতে সেপটিক ট্যাংক নির্মাণের কাজ শুরু করেছেন বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও নির্মাণকাজ অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, ৯৯৯-এর কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এরপরও কাজ চলমান রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মাসুদ মেম্বারের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আগামীকাল পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করা হবে। এছাড়া জমি-সংক্রান্ত এ বিরোধ নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সম্পর্কিত