লক্ষ্মীপুর চাঁদখালী স্কুলে সভাপতি-শিক্ষক পাল্টাপাল্টি মামলা

স্টাফ রিপোর্টার
 ছবি: সভাপতি মোরশেদ আলম এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন
ছবি: সভাপতি মোরশেদ আলম এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন

লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী এ. রব (আবদুর রব) বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোরশেদ আলম এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেনের মধ্যে পাল্টাপাল্টি মামলা ও অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি মোরশেদ আলমের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন তার কাছ থেকে ১০ লাখ টাকা ধার নিয়েও তা পরিশোধ করেননি। টাকা আদায়ের জন্য তিনি আদালতে মামলা করেছেন।

অন্যদিকে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন দাবি করেন, দায়িত্ব দেওয়ার সময় সভাপতি তার কাছ থেকে তিনটি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিলেন। পরে ওই স্ট্যাম্প ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কামাল হোসেন বলেন, বিদ্যালয়ের অর্থ উত্তোলন এবং কয়েকটি প্রশাসনিক সিদ্ধান্তে তিনি সম্মতি না দেওয়ায় সভাপতির সঙ্গে তার বিরোধ তৈরি হয়। তিনি আরও দাবি করেন, অলিখিত স্ট্যাম্প উদ্ধারের জন্য আদালতে মামলা দায়েরের পাশাপাশি কুমিল্লা শিক্ষা বোর্ডেও লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে এডহক কমিটির সভাপতি মোরশেদ আলম অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কামাল হোসেনের কাছে ধার দেওয়া ১০ লাখ টাকা ফেরত পাওয়ার জন্যই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। স্ট্যাম্প নেওয়ার অভিযোগ সত্য নয়।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা হোসেন জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের নির্দেশে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আগামী ৩ আগস্ট উভয় পক্ষকে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণসহ উপস্থিত হতে বলা হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত শেষে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাঠানো হবে।

সম্পর্কিত