রামগতিতে ফারিয়ার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লক্ষ্মীপুর প্রতিনিধি
রামগতিতে ফারিয়ার উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। ছবি: দৈনিক নতুনচাঁদ
রামগতিতে ফারিয়ার উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। ছবি: দৈনিক নতুনচাঁদ

লক্ষ্মীপুরের রামগতিতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

সোমবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে ফারিয়া রামগতি উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফারিয়া রামগতি উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিলাদ হোসেন এবং সেক্রেটারি ম্যানেজার ফোরামের নজরুল ইসলাম মাসুদ।

বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্প বর্তমানে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এ খাতে প্রায় তিন লাখের বেশি দক্ষ ও শিক্ষিত রিপ্রেজেন্টেটিভ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন। তারা দেশের প্রচলিত আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করে আসছেন।

তারা আরও বলেন, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়। পাশাপাশি নতুন ওষুধের কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া ও সঠিক ব্যবহারবিধি সম্পর্কে চিকিৎসকদের অবহিত করা হয়। এছাড়া স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ক্যাম্পেইন ও সেমিনার আয়োজনের মাধ্যমেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বক্তাদের অভিযোগ, দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় অবমাননাকর ও মানহানিকর শব্দ ব্যবহার করে তাদের হেয় করা হয়। এতে তারা ও তাদের পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর হয়রানির শিকার হওয়ার অভিযোগও তুলে ধরেন তারা।

এসময় তারা প্রধানমন্ত্রীর কাছে ওষুধ কোম্পানিতে কর্মরত রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, সম্মানজনক আচরণ নিশ্চিত, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং এ বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যখাতে তারা আরও কার্যকর ও গতিশীল ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সম্পর্কিত