রামগতিতে বাদশা ডাকাতের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
রামগতির বয়ারচরে বাদশা ডাকাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয়দের মানববন্ধন। ছবি: সংগৃহীত
রামগতির বয়ারচরে বাদশা ডাকাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয়দের মানববন্ধন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম বয়ারচরে চাঁদাবাজি, ডাকাতি ও নারী নির্যাতনের অভিযোগে বাদশা ডাকাতের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বয়ারচরের আইয়ুব আলী সমাজ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃষ্টিকে উপেক্ষা করে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, চরগাজী ইউনিয়নের দুর্গম বয়ারচর এলাকায় দীর্ঘদিন ধরে বাদশা ডাকাত চাঁদাবাজি, চুরি, ডাকাতি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এসব কারণে চরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

বক্তারা বলেন, বয়ারচর এলাকায় বাদশা ডাকাতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মো. ফরিদ, ওয়ারেস মাঝি, মো. মনির হোসেন, মো. হাসিম, মাওলানা ফারুক, লিটন, মাকছুদুর রহমান, নাছিমা বেগম ও কহিনুর বেগম।

বক্তারা আরও অভিযোগ করেন, বয়ারচরে চাঁদাবাজি, চুরি, ডাকাতি, নারী নির্যাতন ও মাদক ব্যবসার সঙ্গে বাদশা ডাকাত জড়িত। তার কর্মকাণ্ডে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বাদশা ডাকাত বলেন, একটি মহল এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করেছে। এসব অভিযোগের সঙ্গে তিনি জড়িত নন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, বয়ারচরে বিভিন্ন ডাকাত দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত