লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত এই শোক সভায় কবির হোসেন কানন পাটওয়ারীর সভাপতিত্বে এবং জামাল হোসনে পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু।
এ ছাড়া বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য ভিপি আব্দুর রহিম ও মো. জাকির হোসেন, রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন, রামগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানসহ উপজেলা ও পৌর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
শোক সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।