লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির শিক্ষার্থী মেহেদী হত্যা মামলায় গ্রেপ্তার শিক্ষার্থী সাজিদুল ইসলাম মজুমদারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রামগঞ্জ থানার সামনে তার সহপাঠী, স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মামলার প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করে সাজিদুল ইসলাম মজুমদারকে অজ্ঞাতনামা আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা দাবি করেন, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং প্রশাসনিক হয়রানির শিকার হতে হচ্ছে।
বক্তারা বলেন, মেহেদী হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে সাজিদুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ পুনঃতদন্ত, রিমান্ড আবেদন প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আহনাফ বলেন, আমরা মেহেদী হত্যার সুষ্ঠু বিচার চাই। পাশাপাশি প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই। যদি সাজিদুল নির্দোষ হয়, তাহলে তার বিরুদ্ধে আনা অভিযোগ পুনর্বিবেচনা করে তাকে মুক্তি দিতে হবে।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মেহেদী হত্যা মামলার এজাহারে সাজিদুল ইসলামের নাম উল্লেখ রয়েছে। সে কারণে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। তদন্তে কেউ নিরপরাধ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।