রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার
 ছবি: মিরন জমাদ্দার।
ছবি: মিরন জমাদ্দার।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতার প্রকাশ্যে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩৫ সেকেন্ডের ভিডিওটি রোববার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে থাকা ব্যক্তির নাম মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। রাজনীতির পাশাপাশি তিনি এলাকায় একটি চা–দোকান পরিচালনা করেন বলে জানা গেছে।

ভাইরাল ভিডিওতে মিরন জমাদ্দারকে পরপর দুই ধরনের মাদক গ্রহণ করতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে। তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে মিরন জমাদ্দারের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ফলে ভিডিওটির বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি দলের নজরে এসেছে। বিষয়টি দলীয়ভাবে গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে। আলোচনা শেষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কিছু নেতার এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে অভিযুক্ত মিরন জমাদ্দার মুঠোফোন বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এ কারণে তার সঙ্গে যোগাযোগ করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ভিডিওটির বিষয়টি পুলিশের নজরে এসেছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত