রায়পুরে ভিডিও ধারণে চাঁদাবাজি, আতঙ্কে দম্পতি

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে এক দম্পতির অন্তরঙ্গ ভিডিও গোপনে ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে কয়েকজন কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করার পর এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের পশ্চিম সাগরদি গ্রামের ব্যবসায়ী ওসমান গণি পাটওয়ারী।

অভিযুক্তরা হলেন—একই এলাকার মো. শুভ (২০), তারেক (২১), মাহি (২০), রায়হান (২২), অনিক (২০), আকরাম (২৪) ও আরমান (২০)।

সংবাদ সম্মেলনে ওসমান গণি জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে এলাকায় একটি টি-স্টোর চালু করেন। অভিযুক্তরা স্থানীয়ভাবে কিশোর গ্যাং সদস্য হিসেবে পরিচিত। তারা গোপনে তার স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে এবং সেই ভিডিওকে পুঁজি করে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

তিনি অভিযোগ করেন, টাকা না দেওয়ায় গত ৬ এপ্রিল রাতে অভিযুক্তরা তাকে মারধর করে, তার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নেয়। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

ওসমান গণি আরও জানান, এসব ঘটনায় তিনি ১২ এপ্রিল রায়পুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। তবে মামলার পর থেকেই তিনি ও তার পরিবার অভিযুক্তদের হুমকির মুখে রয়েছেন। নিরাপত্তার কারণে ব্যবসা বন্ধ রেখে স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।

ভুক্তভোগীর স্ত্রী ফাতেমা আক্তার বলেন, “চাঁদার টাকা না দেওয়ায় তারা আমাদের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। আমাদের মারধর করেছে। এখন ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। আমরা আতঙ্কে আছি।”

তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানান।

সম্পর্কিত