লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রথমবারের মতো বিনামূল্যে অনলাইন ফ্রিল্যান্সিং (গ্রাফিক্স ডিজাইন) প্রশিক্ষণ কোর্স চালু করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৪ মে ২০২৬) রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।
রায়পুর সরকারি কলেজের আইসিটি ল্যাবে শুরু হওয়া এই কোর্সে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। দুই মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গ্রাফিক্স ডিজাইনের বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া এবং অন্যান্য অতিথিরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
এছাড়া শিগগিরই একই উদ্যোগের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে দুই মাসব্যাপী অনলাইন ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কোর্স চালু করার পরিকল্পনাও রয়েছে।