লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে ছাড়াতে থানায় গিয়ে পূর্বের একটি মামলায় গ্রেফতার হয়েছেন একই দলের এক কর্মী। বুধবার (৫ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের খেজুরতলা এলাকার একটি বাসা থেকে পেয়ার আলী (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে স্থানীয় জনতা আটক করে। পরে খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতার পেয়ার আলী রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এরপর তাকে ছাড়ানোর জন্য বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার সঙ্গে আওয়ামী লীগের কর্মী মামুন থানায় যান। এ সময় পুলিশের যাচাই-বাছাইয়ে মামুনের বিরুদ্ধে পূর্বের একটি মামলা থাকার তথ্য পাওয়া গেলে তাকেও গ্রেফতার করা হয়।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পেয়ার আলীসহ দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।