পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কার্যকর নেতৃত্বের অভাবের কারণেই দেশ প্রত্যাশিত গতিতে এগোতে পারেনি। তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ আজ যে অবস্থানে রয়েছে, তার চেয়ে আরও এগিয়ে থাকার কথা ছিল।
শুক্রবার (২৪ জুলাই) রাতে লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেটের ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রীকে গুণী সংবর্ধনা প্রদান করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশে নেতৃত্বের সংকট রয়েছে। নেতৃত্বের ঘাটতির কারণেই বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। তিনি বলেন, স্বাধীনতার পর এত বছর অতিক্রম হলেও বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ ছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতার কোনো অভাব নেই। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তিনি নানা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তাই দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করা এবং উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া সবার নৈতিক দায়িত্ব।
মন্ত্রী আরও বলেন, দেশের ভাবমূর্তি উন্নয়ন এবং একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী কামরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ননী গোপাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, ক্রীড়া সংগঠক আবদুর রব শামীম এবং লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল। অনুষ্ঠানে ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।