লক্ষ্মীপুরে মাটির নিচে সুড়ঙ্গে মাদকের আসর

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি বাগানের ভেতরে মাটি খুঁড়ে তৈরি করা সুড়ঙ্গে মাদক সেবন ও বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের প্রফুল্ল সাহার বাড়ির পাশের একটি বাগানে।

স্থানীয়রা জানান, সুড়ঙ্গটির ভেতরে বাঁশ ও গাছের ডাল দিয়ে তৈরি ঢাকনা, ওঠানামার জন্য সিঁড়ি এবং বসার ও শোয়ার ব্যবস্থাও ছিল। একসঙ্গে তিন থেকে চারজন সেখানে অবস্থান করতে পারতেন।

পুলিশ জানায়, প্রফুল্ল সাহার ছেলে সুজন সাহা (ভক্ত) ওই সুড়ঙ্গটি তৈরি করে সেখানে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষায় এটি ছিল একটি ‘বাঙ্কার’, যেখানে গোপনে মাদকের আসর বসানো হতো।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা সুড়ঙ্গটি ভেঙে দেন।

দালাল বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারী বলেন, সুজন সাহা একজন মাদক ব্যবসায়ী এবং বাগানের ভেতরে মাটির নিচে আস্তানা তৈরি করে সেখানে মাদক কার্যক্রম পরিচালনা করতেন।

এদিকে অভিযুক্ত সুজন সাহাকে বাড়িতে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। তবে তার স্ত্রী সুবাঙ্কা সাহা বলেন, তার স্বামী ওই স্থানে আড্ডা দিতেন এবং সিগারেট খেতেন, এর বাইরে তিনি কিছু জানেন না।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত