লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় গাঁজা পরিবহনের সঙ্গে জড়িত তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডিএনসি লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক সানোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। সদর থানাধীন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন নোয়াখালী–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে গাঁজা বহনকালে একটি সিএনজি অটোরিকশাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা মোস্তফা (৪৫), মো. সাগর (২১) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা এলাকার বাবলু (৪৫)। অভিযানে তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
ডিএনসি সূত্র জানায়, উদ্ধারকৃত গাঁজা নোয়াখালী থেকে লক্ষ্মীপুর হয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচারচক্রের সদস্যদের আটক করা সম্ভব হয়।
অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।