উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রথমবারের মতো অনুষ্ঠিত গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে এখন চলছে গণনা পর্ব।
এরই মধ্যে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে কেন্দ্রভিত্তিক ফলাফল আসা শুরু হয়েছে। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন কেন্দ্রের ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে থাকে। প্রাপ্ত বেসরকারি ফলাফলে কোথাও ধানের শীষ, কোথাও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এগিয়ে রয়েছেন। কিছু কেন্দ্রে দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ১৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে মোট ভোটের হিসাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে রয়েছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, এ্যানি পেয়েছেন ২২ হাজার ৯০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৬ হাজার ৫৪৫ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, সকল কেন্দ্রের ফলাফল ধাপে ধাপে সংগ্রহ করা হচ্ছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রভিত্তিক বেসরকারি এই ফলাফল পরিবর্তিত হতে পারে।
এদিকে ফলাফলকে ঘিরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন স্থানে তারা অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।