লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় মাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ফখরুল ইসলাম রাজু (৩৫) এবং তার স্ত্রী মানিকা আক্তার স্বপ্না (৩০)। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৮ জুন) রাতে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে রাজু ও তার স্ত্রী নিজ ঘরে খোদেজা বেগমকে মারধর করেন। একপর্যায়ে তার গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ সময় খোদেজা বেগমের ছোট ছেলে রাকিব হোসেন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর রাকিব হোসেন বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তার ভাই ফখরুল ইসলাম রাজু ও ভাবী মানিকা আক্তার স্বপ্নাকে আসামি করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।