লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাহাব উদ্দিন সাবু

স্টাফ রিপোর্টার
 ছবি: সাহাব উদ্দিন সাবু
ছবি: সাহাব উদ্দিন সাবু

সারা দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাহাব উদ্দিন সাবুকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) সরকারি এক আদেশের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ পাওয়ার পর সাহাব উদ্দিন সাবু তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাবু বর্তমানে জেলা বিএনপির সদস্যসচিব এবং লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। রাজনীতিতে তার যাত্রা শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ‘জাগো দল’ থেকে। পরবর্তীতে তিনি বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর মহকুমা ছাত্রদলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, সাহাব উদ্দিন সাবু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয়। আওয়ামী লীগ সরকারের আমলে তাকে একাধিকবার কারাভোগ করতে হয়েছে। ২০১৩ সালের ১২ ডিসেম্বর র‌্যাব তার বাসায় ঢুকে তাকে গুলি করে হত্যার চেষ্টা করেছিল। তবে তিনি প্রাণে বেঁচে যান।

তিনি আরও বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এলাকায় নেতাকর্মীদের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাহাব উদ্দিন সাবু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সম্পর্কিত