লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, আহত ৮

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে একটি বিয়েবাড়িতে খাওয়ার টেবিলে বসাকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় বাড়ির পাশে মো. হারুনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ইব্রাহিম খলিল, মো. অনিক, মেহেদী হাসান আনন্দ, মো. রানা, মো. ইয়ামিন, মো. সামজিদ ও মো. শাহ আলমসহ আরও কয়েকজন। তাদের মধ্যে কয়েকজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার হারুনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ভবানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে ছামিয়া আক্তারের বিয়ে হয়। পরদিন বরের বাড়িতে খাবারের আয়োজন করা হয়। দুপুরে কনেপক্ষের লোকজন সেখানে উপস্থিত হলে খাওয়ার টেবিলে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, পরে বরপক্ষের কিছু লোক লাঠিসোটা নিয়ে কনেপক্ষের ওপর হামলা চালায়। এতে একটি মাইক্রোবাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

কনেপক্ষের দাবি, খেতে বসার সময় বরপক্ষের কয়েকজন চেয়ার দখল করে দাঁড়িয়ে থাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে প্রতিবাদ করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, “খাওয়ার টেবিলে বসাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি, পরে মারামারি শুরু হয়।”

তবে বরপক্ষের কোনো সদস্য এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়দেব নন্দী জানান, আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত