লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, অবরোধে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
 ছবি: নিহত জাহিদ হাসান রাব্বি
ছবি: নিহত জাহিদ হাসান রাব্বি

লক্ষ্মীপুরে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান রাব্বি নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করে এবং সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।

রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের মডেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুর রশিদ হাওলাদার বাড়ির নূর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর কালবৈশাখী ঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ ছিল না। এ সময় মোটরসাইকেল চালিয়ে মোটক্কা মসজিদ এলাকা থেকে দক্ষিণ তেহমুনীর দিকে যাচ্ছিলেন রাব্বি। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে মডেল হাসপাতালের সামনে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর অটোরিকশাটি পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, দক্ষিণ তেহমুনী থেকে মডেল হাসপাতাল পর্যন্ত সড়কটি অত্যন্ত ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কয়েক মাস আগে একই এলাকায় একটি শিশুর মৃত্যু হয়। তাই দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান তারা। পরে এ দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) ঝলক মহন্ত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়া হয়েছে। দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

সম্পর্কিত