লক্ষ্মীপুর সদর উপজেলার ৯ নম্বর উত্তর জয়পুর ইউনিয়নের ঘনেশ্যামপুর-দেবীনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি এবং কুরআন তেলাওয়াতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টেও অংশ নেয় তারা। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত হলেও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল সাবলীল ও প্রাণবন্ত।
অনুষ্ঠানের আলোচনা পর্বে বিদ্যালয়ের নানা সমস্যা ও চাহিদার বিষয় উঠে আসে। বর্তমানে বিদ্যালয়টি স্থানীয় জনসাধারণের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এখানে ৬ জন শিক্ষক ও ৭৮ জন শিক্ষার্থী রয়েছে। তিনটি গ্রামের মধ্যে এটিই একমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও পর্যাপ্ত অবকাঠামো ও সরকারি সহযোগিতার অভাবে শিক্ষার্থী ও এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
আলোচনায় জানানো হয়, ভূমি সংকটের কারণে বিদ্যালয়টি এখনো সরকারি নিবন্ধন পায়নি। সরকারি অনুমোদনের জন্য প্রায় ৬৫ শতাংশ নিজস্ব জমি দেখানো প্রয়োজন হলেও সেটির অভাব রয়েছে। তবে প্রয়োজনীয় জমির ব্যবস্থা করা গেলে অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলেও জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এম ইউসুফ ভূইয়া বলেন, স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বিদ্যালয়টির বিষয়ে অবগত আছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। তিনি ভূমি সংকট সমাধানের মাধ্যমে বিদ্যালয়টির উন্নয়ন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাছির উদ্দীন মাহমুদের সভাপতিত্বে এবং নেছার আহমদ ও প্রধান শিক্ষিকার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোস্তফা বাবুল মাস্টার, কুতুবুল হায়দার চৌধুরী, কামাল হোসেন, আবদুল্লাহ জাহাঙ্গীর, আবদুল খালেক, মামুনুর রশীদ মেম্বার, আমির হোসেন, আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।