লক্ষ্মীপুর পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে প্রশাসক

লক্ষ্মীপুর প্রতিনিধি
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক এডিপি ও রাজস্ব খাতের চলমান কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন।

শনিবার তিনি সরেজমিনে গিয়ে এসব উন্নয়ন কাজের অগ্রগতি ও মান যাচাই করেন।

পরিদর্শনকালে পৌর প্রশাসক ১৪ নম্বর ওয়ার্ডের সেরাজুল হক মেস্তরীবাড়ি সড়ক এবং মোহাম্মদুল্লাহ এমপি সংযোগ সড়কসহ মোট ৬৯১ মিটার রাস্তার সলিং ও বিভিন্ন ঢালাই কাজ পরিদর্শন করেন। এছাড়াও পৌরসভার আওতাধীন আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন তিনি।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী জুয়েল এবং সহকারী প্রকৌশলী ইশাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে কাজের মান সন্তোষজনক হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারকে ধন্যবাদ জানান পৌর প্রশাসক। তিনি বলেন, “পৌরসভার উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনগণের টাকায় পরিচালিত এসব প্রকল্পে মানসম্মত কাজ নিশ্চিত করতে আমরা নিয়মিত তদারকি করছি।”

তিনি আরও বলেন, “লক্ষ্মীপুর পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে পরিণত করতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সকল উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

এদিকে দীর্ঘদিন ধরে কাঁচা থাকা এসব সড়ক সলিং ও পাকা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তা কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। কাদা ও পানির কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়ত।

 

সম্পর্কিত