অসুস্থতাজনিত কারণে থাইল্যান্ডের সামিতাবিজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। টানা অতিরিক্ত পরিশ্রম ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। বর্তমানে তিনি একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
সংসদ সদস্য সেলিম জানান, চিকিৎসকদের পরামর্শে তার বিভিন্ন জটিল শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। তিনি স্নায়ুরোগ, মূত্রনালি ও হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ইতোমধ্যে এমআরআই, ইকোকার্ডিওগ্রাম ও এক্স-রেসহ বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে একটি এমআরআই পরীক্ষার সময় তাকে অচেতন করার প্রক্রিয়ার মধ্য দিয়েও যেতে হয়েছে।
নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, টানা পরিশ্রম ও ঘুমহীন রাতের কারণে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের সঙ্গে সব পরীক্ষার প্রতিবেদন নিয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি।
বিদেশে চিকিৎসাধীন থাকলেও জন্মভূমি রামগঞ্জের মানুষের কথা মনে পড়ছে উল্লেখ করে শাহাদাত হোসেন সেলিম বলেন, প্রবাসে শরীর থাকলেও মন পড়ে আছে রামগঞ্জে। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রামগঞ্জের স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।