ইলিশ সংরক্ষণ ও আহরণসহ সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞার দুই মাস পর লক্ষ্মীপুরের মেঘনা নদীতে আবারও মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে নদীতে মাছ ধরার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই নৌকা ও জাল মেরামতসহ প্রয়োজনীয় প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। মাছঘাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে ৫২ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন, যারা মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।
এই সময়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি জেলেদের জন্য ভিজিএফ সহায়তা হিসেবে ৪০ কেজি করে চালও বিতরণ করা হয়।
এবারের নিষেধাজ্ঞা রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার নদী এলাকায় কার্যকর ছিল।
মাছঘাটের জেলে ছলিম ও আবুল কালাম জানান, সরকারি নির্দেশনা মেনে দুই মাস তারা নদীতে যাননি। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন তারা পুরোদমে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বলেন, এবারের অভিযান সফল হয়েছে এবং গত বছরের তুলনায় মাছের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। চলতি মৌসুমে ২৮ হাজার ৫০০ মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৫ হাজার মেট্রিক টন বেশি।
তিনি আরও জানান, ভবিষ্যতেও জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।