লক্ষ্মীপুরে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী এলাকায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের একটি বড় অংশ—প্রায় ২৬ লাখ টাকা সমমূল্যের সোনা ও নগদ ৩ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ডাকাতিতে সরাসরি অংশ নেওয়া দুইজন এবং লুণ্ঠিত সোনা কেনাবেচার সঙ্গে জড়িত তিনজন স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন।

পুলিশ জানায়, গত ৯ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে কুশাখালী ইউনিয়নের একটি একতলা বাড়িতে ৭-৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা গৃহকর্তাকে জিম্মি করে বাড়ি থেকে ২৯ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা এবং একটি মোবাইল ফোন লুটে নেয়। যার মোট বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৯৭ হাজার টাকা।

ঘটনার পর চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। জেলা পুলিশ সুপার মো. আবু তারেকর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ডাকাতির মূল অভিযুক্ত মো. খোরশেদ আলম (৪০) ও শাহাদাত হোসেন মোহন (২৭)কে গ্রেপ্তার করা হয়। খোরশেদের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও ২ ভরি ১০ আনা সোনা এবং মোহনের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লুণ্ঠিত সোনা কেনার অভিযোগে তিন স্বর্ণ ব্যবসায়ী—শুভ কর্মকার (৩০), অরূপ রায় (৩০) ও স্বরূপ রায় (২৬)কে গ্রেপ্তার করা হয়। তাদের দোকান থেকে আরও প্রায় ৭ ভরি সোনা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে মোট ১০ ভরি ৫ আনা ৩ রতি সোনা উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২৬ লাখ টাকা।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত