রামিসা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রীসংস্থার মানববন্ধন

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ছবি: দৈনিক নতুনচাঁদ

শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, নারী নির্যাতন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, লক্ষ্মীপুর শহর শাখা।

শুক্রবার (২২ মে) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের নেত্রী, শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিভাগীয় সম্পাদিকা ঝর্ণা আক্তার, লক্ষ্মীপুর শহর শাখার সভানেত্রী নাসরিন আক্তার, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার সভানেত্রী হাফসা বিনতে নুর, শিক্ষার্থী তামান্না আক্তার এবং অভিভাবক আসমাউল হুসনা।

বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, রামিসা হত্যাকাণ্ড শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তারা অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী ও শিশুদের নিরাপত্তা জোরদার, আইনের কার্যকর প্রয়োগ এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত