লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টিপু সুলতান (২৭) নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার বৃদ্ধা মা ও ভাইয়ের স্ত্রীসহ আরও দুই নারী আহত হয়েছেন।
রোববার (৩ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
অভিযুক্তরা হলেন—একই গ্রামের কালামিঝি বাড়ির কাশেম মুহুরি, তার ছেলে রিয়াজ উদ্দিন বাবলু ও ছেলের স্ত্রী নাঈমা আক্তারসহ কয়েকজন।
আহত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার সময় প্রবাসী টিপু সুলতান তার বাড়ির ছাদে পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন করছিলেন। এ সময় কাশেম মুহুরির নির্দেশে তার ছেলে রিয়াজ উদ্দিন বাবলু ওই পাইপলাইনে বাধা দিয়ে বন্ধ করে দেন।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাবলু ও তার স্ত্রীসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে টিপুর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে তার মা শেফালী বেগম (৬২) এবং বড় ভাইয়ের স্ত্রী সুফিয়া বেগম (২২) মারধরের শিকার হন।
পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ভুক্তভোগী টিপু সুলতান অভিযোগ করে বলেন, বাড়িতে পুরুষ লোক না থাকার সুযোগ নিয়ে কাশেম মুহুরী ও তার লোকজন তার মাকে একাধিকবার মারধর করেছে। তিনি আরও অভিযোগ করেন, কাশেম মুহুরী আইনজীবীর সহকারী হওয়ায় মিথ্যা মামলা দিয়ে তাদের দীর্ঘদিন ধরে হয়রানি করছেন। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।