লক্ষ্মীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) রাতে স্থানীয় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারীর ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে শপথ বাক্য পাঠ করছেন।
এ সময় তারা শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে গোপনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা ডান হাত সামনে প্রসারিত করে সমোচ্চারিত কণ্ঠে শপথ বাক্য পাঠ করেন এবং দলীয় স্বার্থে আন্দোলনে অটল থাকার অঙ্গীকার করেন।
ভিডিওটি ফেসবুকে প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে এবং মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।