লক্ষ্মীপুরে কৃষকদল নেতাকে পিটিয়ে ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে কোনো কারণ ছাড়াই কৃষকদল নেতা আমির হোসেন খানকে মারধর করে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার ছেলে আজমিরকেও পিটিয়ে আহত করা হয়। ঘটনার জন্য স্থানীয় বিএনপি নেতা ওহাব মোল্লা ও তার সহযোগীদের দায়ী করেছেন ভুক্তভোগী।

সোমবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আলী হাসান গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আমির হোসেন খান চররমনী মোহন ইউনিয়ন কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত ওহাব মোল্লা একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমির হোসেন খান বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওহাব মোল্লা, তার ছেলে আল-আমিন ও রুহুল আমিনসহ কয়েকজন তার পথরোধ করেন। একপর্যায়ে তারা আমিরকে মারধর করেন। আমিরের চিৎকার শুনে তার ছেলে আজমির এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

আমির হোসেন খান অভিযোগ করে বলেন, ওহাব মোল্লা ও তার লোকজন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় তার কাছে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলায় তিনি ও তার ছেলে গুরুতর আহত হয়েছেন এবং তাদের হাতের হাড় ভেঙে গেছে বলে দাবি করেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করেও বিএনপি নেতা ওহাব মোল্লার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ছেলে আল-আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, একটি জমি নিয়ে বিরোধের জেরে আমির ও তার লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে। এতে তার বাবাসহ কয়েকজন আহত হয়েছেন। আমিরদের আহত হওয়ার অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন তিনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মারামারির বিষয়ে থানাকে কেউ অবহিত করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত