কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন কাঠমিস্ত্রি দুলাল (৩৪), তিনি ওই এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম মইন উদ্দিন সুমন (৪০)। তিনি চরজাঙ্গালিয়া এলাকার হাফিজ উল্লাহ বেপারী বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলালের বাড়ির দরজার সামনে রাস্তার ওপর কিছু মাটি দেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে চাচাতো ভাই সুমনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে সুমন ধারালো ছুরি দিয়ে দুলালের গলার ডান পাশে আঘাত করে তাকে হত্যার চেষ্টা করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।