দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। আগামী ৩১ জুলাই (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে পর্বটি প্রচারিত হবে।
এবারের পর্বের ধারণস্থল হিসেবে বেছে নেওয়া হয় লক্ষ্মীপুর জেলা সদরের শতবর্ষী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণ। অনুষ্ঠানকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক উপস্থিত হওয়ায় অনেকে আশপাশের ভবনের ছাদ, প্রাচীর, রাস্তা ও গাছের ডালেও অবস্থান নেন।
অনুষ্ঠানে লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুলের কণ্ঠে একটি বিশেষ গান পরিবেশিত হবে। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন আকাশ মাহমুদ। এছাড়া মনিরুজ্জামান পলাশের কথায় উজ্জ্বল সিনহার সুর ও সংগীতায়োজনে লক্ষ্মীপুরকে নিয়ে একটি নৃত্যগীত পরিবেশন করেছেন তানজিনা রুমা ও রাজিব। এর কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।
দর্শকপর্বে লক্ষ্মীপুরকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন দর্শক নির্বাচন করা হয়। পরে তারা লক্ষ্মীপুরের কৃতী অভিনয়শিল্পী দিলারা জামানের সঙ্গে অভিনয়ে অংশ নেন।
এ পর্বে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী ও লক্ষ্মীপুরের কৃতি সন্তান নিশাত মজুমদারের একটি বিশেষ সাক্ষাৎকারও থাকছে। তিনি এভারেস্ট জয়ের অভিজ্ঞতা এবং ‘ইত্যাদি’ অনুষ্ঠানে অংশগ্রহণের অনুভূতি তুলে ধরেছেন।
অনুষ্ঠানে আরও স্থান পেয়েছে লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান, সয়াবিন চাষ, নারিকেল ও সুপারি বাগান, একটি অনুকরণীয় প্রাথমিক বিদ্যালয় এবং নদীভাঙনে নিঃস্ব এক মাঝির জীবনসংগ্রাম নিয়ে একাধিক তথ্যভিত্তিক ও মানবিক প্রতিবেদন।
এ ছাড়া বিদেশি পর্বে তুলে ধরা হবে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে নির্মিত বিশ্বের অন্যতম জনপ্রিয় উপকূলীয় সড়ক ‘গ্রেট ওশান রোড’। পাশাপাশি থাকছে ‘কাশেম টিভি’র নতুন পর্ব, দর্শকদের চিঠিপত্র, সামাজিক অসঙ্গতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।