লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসূচি। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসূচি। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যাংকটিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টার অভিযোগ তুলে মানববন্ধন করেছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। সংগঠনটির দাবি, ব্যাংক পরিচালনায় বিতর্কিত ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকায় ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘ইসলামী ব্যাংক থেকে এস আলমের দোসরদের অপসারণ’, ‘ব্যাংক লুটেরাদের বিচারের ব্যবস্থা’, ‘অবৈধ হস্তক্ষেপ বন্ধ’, ‘লুট হওয়া অর্থ ফেরত আনা’ এবং ‘প্রকৃত মালিকদের মালিকানা ফিরিয়ে দেওয়া’সহ বিভিন্ন দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ব্যাংকটিতে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এ সময় ব্যাংক খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং আর্থিক খাতের সুশাসন নিশ্চিতেরও দাবি জানানো হয়।

সম্পর্কিত