রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরের রায়পুরে জুলাই পদযাত্রা ও পথসভায় বক্তব্য রাখছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুরে জুলাই পদযাত্রা ও পথসভায় বক্তব্য রাখছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

দেশের রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। মাদক সম্রাটদের বিরুদ্ধে অনেক রাজনীতিবিদ কোনো কার্যকর পদক্ষেপ নেন না। একইভাবে বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও তারা নীরব থাকেন।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে অনেক রাজনীতিবিদ ব্যবসায়িক সিন্ডিকেটের কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। পরে সেই সিন্ডিকেট জনগণের স্বার্থবিরোধীভাবে দ্রব্যমূল্য বাড়ালেও তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া হয় না।

সংসদে বক্তব্য দেওয়ার প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, সংসদে কথা বলতে চাইলে স্পিকার বলেন, এটি শাহবাগ স্কয়ার নয়, এটি সংসদ। কিন্তু সংসদে কথা বলার সুযোগ না দিলে তারা সংসদের বাইরে জনগণের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরবেন।

তিনি বলেন, জনগণের কথা বলা থেকে কাউকে বিরত রাখা যাবে না। ভয়ভীতি দেখিয়ে গণতান্ত্রিক অধিকার বা জনগণের কণ্ঠস্বর দমন করা সম্ভব নয়।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ।

সম্পর্কিত