লক্ষ্মীপুরে হামলায় আইনজীবীসহ পাঁচজন আহত

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় হামলার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় হামলার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় এক আইনজীবীসহ ব্যবসায়ী পরিবারের পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ছাত্রদল নেতা সাকিব হোসেনসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে ব্যবসায়ী তোফাজ্জল হোসেন হামলাকারীদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেন। তিনি লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী এবং পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। সংবাদ সম্মেলনে তার ছেলে মো. মিনহাজ ও আবরারুল হক মাহিন উপস্থিত ছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, তোফাজ্জল হোসেনের পরিবারের সঙ্গে মনির হোসেনদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত ১৩ জুন সকালে তোফাজ্জলের নির্মাণাধীন ভবন দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, বাধা দিলে সাবেক ছাত্রদল নেতা সাকিব হোসেনের নেতৃত্বে একদল লোক ব্যবসায়ী পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় প্রতিবেশী আইনজীবী সাইফুল সাদেক বাবু বাধা দিতে গেলে তাকেও মারধর করে আহত করা হয়।

ভুক্তভোগীদের দাবি, আহতদের হাসপাতালে নেওয়ার পথে উত্তর তেমুহনী এলাকায় আবারও তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আইনজীবী সাইফুল সাদেক বাবু বাদী হয়ে সাকিব হোসেন, মনির হোসেন, এপার হোসেন, শরীফ হোসেন, স্বজন মো. হাসানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার্থী ইমন হোসেন অভিযোগ করেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও তার বয়স বাড়িয়ে দেখিয়ে প্রতিপক্ষের দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে।

ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, হামলার পর অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

অভিযুক্ত মনির হোসেন ও সাকিব হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন জানান, মামলা দায়েরের পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে তারা আত্মগোপনে থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত