এলপিজি গ্যাস ও অবৈধ মাটি–বালু উত্তোলনে লক্ষ্মীপুরে অভিযান

স্টাফ রিপোর্টার
মূল্য নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং অভিযান। ছবি: দৈনিক নতুনচাঁদ
মূল্য নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং অভিযান। ছবি: দৈনিক নতুনচাঁদ

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্দেশনায় এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং অবৈধ মাটি ও বালু উত্তোলন রোধে জেলার বিভিন্ন উপজেলায় একযোগে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) লক্ষ্মীপুর সদর উপজেলায় এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে মোট ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৪টি মামলায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জনস্বার্থে বিভিন্ন কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া সদর উপজেলার দীঘলি ইউনিয়নে ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার দায়ে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একই দিনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মান্দারী বাজারে ৭ হাজার টাকা এবং উত্তর তেমুহনী স্টেশনের হোটেল ও কনফেকশনারিগুলোতে ১৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অন্যদিকে রামগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে বদরপুর মাঠে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি রামগঞ্জ বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অপরাধে আরও ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কৃষি জমি ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

সম্পর্কিত