লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কৃষি বিপণন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলার দালাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক দামে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং যথাযথ লাইসেন্স না থাকায় কৃষি বিপণন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মোট ১২টি প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় কাঁচাবাজার ও মাছের বাজারের ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার বিষয়ে সতর্ক করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে পুলিশ, আনসার ও কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিরা অংশ নেন।