লক্ষ্মীপুরের রামগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে ফাতেহা আক্তার (৩) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার চাঙ্গীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাতেহা উপজেলার দাসপাড়া গ্রামের আক্তার হোসেনের মেয়ে।
শিশুটির বাবা আক্তার হোসেন জানান, মঙ্গলবার বিকেলে ফাতেহা খেলতে বের হয়। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে একপর্যায়ে স্বজনেরা পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। এরপর তাকে দ্রুত উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে প্রথমে পুলিশ অবগত ছিল না। পরে বিষয়টি জানা গেছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।