লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পতাকা টানানোকে কেন্দ্র করে এক আর্জেন্টিনা সমর্থককে রিভলবার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে। সোমবার বিকেলে উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় আজাদ হোসেনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি তুলাগাছতলা এলাকার আব্দুর রহমানের ছেলে। অভিযুক্ত রিফাত হোসেন একই এলাকার আবদুল মজিদের ছেলে। স্থানীয়ভাবে তিনি ব্রাজিল দলের সমর্থক হিসেবে পরিচিত।
ভুক্তভোগী আজাদ হোসেন অভিযোগ করেন, কয়েকজন বন্ধুকে নিয়ে আর্জেন্টিনার পতাকা টানাতে গেলে আগে থেকেই বিরোধিতা করে আসা রিফাত হোসেন তাদের বাধা দেন। একপর্যায়ে কোনো ধরনের কথা-কাটাকাটি ছাড়াই রিফাত তার ওপর হামলা চালান এবং রিভলবার দিয়ে মাথায় আঘাত করেন বলে দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রিফাত হোসেন। তিনি বলেন, হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। বরং এলাকায় রাজনৈতিক প্রচারণা চালানোর চেষ্টা হলে সেটির প্রতিবাদ করা হয়েছিল। তার কাছে রিভলবার থাকার বিষয়টিও তিনি অস্বীকার করেন।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম জানান, রিভলবার দিয়ে আঘাতের অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।