লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন-এর কামারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার এই বাজারে ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থল দূরে হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাবির নামাজের সময় আলিফ এন্টারপ্রাইজ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুড়ে যায়।
এ বিষয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।