লক্ষ্মীপুরের রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে রামগঞ্জ পৌরসভার সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দাবি করেন, এআই প্রযুক্তির অপব্যবহার করে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া ছবি ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
সমাবেশে বক্তারা আগামী সাত দিনের মধ্যে ভুয়া ছবি তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং এআই ব্যবহার করে তথ্য সন্ত্রাস বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন এমপি শাহাদাত হোসেন সেলিমের স্থানীয় প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব বাবলু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন, মো. আলমগীর হোসেন (মিয়া আলমগীর), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন, পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, সদস্যসচিব মিজান ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির বায়হান বাবু, সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আলম মুন্নাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তি ও রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।