লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ চাকরি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার মাধ্যমে চাকরির সুযোগ পেয়েছেন চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা।
রোববার (২৫ জানুয়ারি) শহরের বাইশমারা এলাকায় অবস্থিত লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস মাঠে এসেট (ASSET) প্রকল্পের অর্থায়নে এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা মেলায় শিক্ষিত বেকার যুবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসার সভাপতিত্বে বেলুন উড়িয়ে চাকরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শুধু সনদ বা সার্টিফিকেট নয়, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমেই টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
উদ্বোধন শেষে অতিথিরা চাকরি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং চাকরিপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা মেলার সার্বিক আয়োজন ও উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও মেলার কো-অর্ডিনেটর দেবব্রত কুমার নাথ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, বিসিক শিল্পনগরী লক্ষ্মীপুরের উপব্যবস্থাপক ফজলুল করিমসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
চাকরি মেলায় বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট, হোলসিম বাংলাদেশ পিএলসি, এএমআর আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন, বিডি কলিং আইটি, এনজিএস সিমেন্টসহ মোট ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে সিভি গ্রহণ করেন এবং প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের বাছাই করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. ইউছুফ বলেন, “এই চাকরি মেলা একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষিত বেকার যুবকরা কর্মমুখী হওয়ার বাস্তব সুযোগ পাচ্ছে।” তিনি আরও বলেন, “এ ধরনের আয়োজন তরুণদের দক্ষতা উন্নয়নে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।”
চাকরি মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, স্থানীয় পর্যায়ে এমন চাকরি মেলা আয়োজন তাদের জন্য অত্যন্ত কার্যকর। এতে নিজ জেলা থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির সুযোগ সম্পর্কে জানা সম্ভব হচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।