লক্ষ্মীপুরে ৪ দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় বকেয়া ও চলতি হোল্ডিং কর পরিশোধে করদাতাদের জন্য ১০ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা রাখা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এস এম মেহেদী হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু হাসান শাহীন এবং সম্রাট খীসা।
সহকারী কর আদায়কারী (ভারপ্রাপ্ত) সাইফুল্লাহ জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলায় হোল্ডিং কর সংগ্রহ করা হবে। মেলায় এসে কর পরিশোধ করলে করদাতারা ১০ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন।
পৌরসভার প্রশাসক সম্রাট খীসা বলেন, পৌর কর মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তিনি পৌরবাসীর প্রতি দ্রুত কর পরিশোধের আহ্বান জানিয়ে বলেন, মেলায় কর পরিশোধে বিশেষ সুবিধা রয়েছে। কর পরিশোধের মাধ্যমে নাগরিকরা পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে পারবেন।
তিনি আরও বলেন, করদাতাদের সেবা সহজ ও দ্রুততর করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পৌরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাটি সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।