জামায়াত নেতার নির্দেশে ভোটের সীল তৈরির অভিযোগ

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর শহরের মারিয়াম প্রিন্টার্স থেকে গ্রেপ্তার সোহেল রানা। ভোটের সীল তৈরির নির্দেশ দেয়  লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সৌরভ হোসেন। ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুর শহরের মারিয়াম প্রিন্টার্স থেকে গ্রেপ্তার সোহেল রানা। ভোটের সীল তৈরির নির্দেশ দেয় লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সৌরভ হোসেন। ছবি: দৈনিক নতুনচাঁদ

লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সীল তৈরির অভিযোগে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। শহরের জুবলি দিঘির পাড় এলাকায় অবস্থিত মারিয়াম প্রিন্টার্স থেকে ছয়টি অবৈধ ভোটের সীল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ী সোহেল রানা ও জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর থানা পুলিশের একটি দল মারিয়াম প্রিন্টার্সে অভিযান চালায়। অভিযানে ১৬ ঘর বিশিষ্ট ছয়টি অবৈধ ভোটের সীল উদ্ধার করা হয়। এ সময় সীল তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের বাসিন্দা। তিনি জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারিয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। তাকে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ডিজিটাল আলামত, হোয়াটসঅ্যাপ কথোপকথন ও ভয়েস ম্যাসেজ বিশ্লেষণ করে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা সৌরভ হোসেন শরীফের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ কারণেই তাকে মামলার আসামি করা হয়েছে। সৌরভ হোসেন শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ছিলেন।

ঘটনার পরপরই রাজনৈতিক দায় এড়াতে জামায়াতে ইসলামী সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। তবে নির্বাচন সংশ্লিষ্ট একটি গুরুতর অপরাধের পর এই বহিষ্কার কেবল দায় এড়ানোর কৌশল কি না তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বহিষ্কারের বিষয়টি স্বীকার করে জানান, এ বিষয়ে শিগগিরই একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।

এদিকে সীল উদ্ধারের ঘটনার পর মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াত আলাদা সংবাদ সম্মেলন করে। বিএনপির লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, অবৈধ ভোটের সীল তৈরির সঙ্গে জামায়াত সরাসরি জড়িত এবং গ্রেপ্তার সোহেল রানা তাদের কর্মী। তবে পাল্টা সংবাদ সম্মেলনে জামায়াতের প্রার্থী রেজাউল করিম দাবি করেন, সোহেল রানা জামায়াতের কেউ নন।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী আরও জানান, মামলার দুই আসামির বিরুদ্ধেই তদন্ত চলমান রয়েছে। আদালতের মাধ্যমে গ্রেপ্তার সোহেল রানার ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত